দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপিতে বইছে উৎসবমুখর পরিবেশ। দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে। সেই উচ্ছ্বাসের ঢেউ ছড়িয়ে পড়েছে চট্টগ্রামসহ সারা দেশে।
বিএনপি নেতাদের ভাষ্য, তারেক রহমানকে স্বাগত জানাতে চট্টগ্রাম বিভাগ থেকেই ঢাকায় যাবেন কমপক্ষে ৭ থেকে ১০ লাখ মানুষ। এর মধ্যে শুধু চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা থেকে যাবেন এক লক্ষাধিক নেতাকর্মী ও সমর্থক। দলের পক্ষ থেকে ভাড়া করা ট্রেন, বাস, মাইক্রোবাসে করে গত কয়েক দিন ধরেই তারা ঢাকার পথে রওনা হয়েছেন। অনেকেই ব্যক্তিগত উদ্যোগেও যাচ্ছেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া বাংলানিউজকে বলেন, আমাদের হাজার নেতাকর্মী ইতিমধ্যে ঢাকায় চলে গেছে। দক্ষিণ চট্টগ্রাম থেকে অন্তত ১৫ থেকে ২০ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন। এখন পর্যন্ত দুই শতাধিক বেশি বাস ও হাইয়েস ভাড়া করা হয়েছে। আরও বাড়তে পারে।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বাংলানিউজকে বলেন, দীর্ঘ ১৭–১৮ বছর পর দেশের মানুষ তারেক রহমানকে সরাসরি দেখতে পাবেন। স্বাভাবিকভাবেই মানুষ আনন্দিত। তারেক রহমানকে একনজর দেখতে সারা দেশের মানুষ ঢাকায় ছুটছেন। চট্টগ্রাম উত্তর জেলা থেকে ১৫ থেকে ২০ হাজার নেতাকর্মী ঢাকায় যাবে।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বাংলানিউজকে বলেন, দীর্ঘ ১৭–১৮ বছর পর দেশের মানুষ তারেক রহমানকে সরাসরি দেখতে পাবেন।
স্বাভাবিকভাবেই মানুষ আনন্দিত। মহানগর থেকে অন্তত ১৫ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন। ইতিমধ্যে অনেকে রওনা হয়েছেন। পরিবহন সংকটের কারণে সবাইকে সহায়তা করা সম্ভব হচ্ছে না বলেও তিনি জানান।
চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বাংলানিউজকে বলেন, তারেক রহমানের দীর্ঘ প্রবাসজীবনের অবসান ও স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপিতে যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে, তা চট্টগ্রাম ছাড়িয়ে সারা দেশে ছড়িয়ে পড়েছে। ঢাকায় নেতাকর্মীদের এখন মিলন মেলা পরিনত হয়েছে। চট্টগ্রাম মহানগর থেকে ১০ হাজারের অধিক নেতাকর্মী আসবে।
বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল জানান, চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক জেলাগুলো থেকে ৭ থেকে ১০ লাখ মানুষ ঢাকায় যাবেন। শুধু চট্টগ্রাম জেলা থেকেই যাবেন লক্ষাধিক। তিনি বলেন, দুটি স্পেশাল ট্রেন ভাড়া করা হয়েছে। হাটহাজারী এলাকা থেকে শতাধিক বাস ও ৮৫টি মাইক্রোবাস ভাড়া নেওয়া হয়েছে।
কারামুক্ত হয়ে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর দেশ ছাড়েন তারেক রহমান। এরপর দীর্ঘ সময় তিনি লন্ডনে অবস্থান করে দল পরিচালনা করেন। ২০০৯ সালে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৮ সালে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া কারাবরণ করলে তাঁকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়।

