ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে চট্টগ্রামে নির্বাচন সংশ্লিষ্ট প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ জামান।
মতবিনিময় সভায় সেনাবাহিনী প্রধান বলেন, জাতির প্রত্যাশিত অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে সকলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন। পাশাপাশি নির্বাচন সংশ্লিষ্ট সকল দপ্তরের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় ও কার্যকর কো-অর্ডিনেশনের মাধ্যমে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন।
সভায় চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম জেলার সার্বিক প্রস্তুতি, গৃহীত কার্যক্রম এবং সম্ভাব্য চ্যালেঞ্জসমূহ নিয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। প্রেজেন্টেশনে জেলার নির্বাচনী ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
প্রেজেন্টেশন শেষে সেনাবাহিনী প্রধান চট্টগ্রামের সামগ্রিক নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকল দপ্তরের প্রস্তুতিকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ এবং পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন। এছাড়াও তিন পার্বত্য জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা সভায় অংশ নেন।
এই মতবিনিময় সভার মাধ্যমে আসন্ন নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে চট্টগ্রাম অঞ্চলে সমন্বিতভাবে দায়িত্ব পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয় বলে সংশ্লিষ্টরা জানান।

