রবিবার, ৬৫ বৈশাখ ১৪৩২, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২০ শা'বান ১৪৪৭ হিজরি

প্রচ্ছদচট্টগ্রামদুই দশক পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশ কাল

নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা

দুই দশক পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশ কাল

২০ লক্ষাধিক লোকের সমাগম ঘটাতে চায় দলটি, ৩শ মাইক ও ১০ স্থানে এলইডি স্ক্রিন স্থাপন

প্রকাশিত :

নিজস্ব প্রতিবেদক

spot_img

বিএনপির প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া চট্টগ্রামে সর্বশেষ ২০১২ সালের ৯ জানুয়ারি চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত জনসমাবেশে বক্তব্য রেখেছিলেন। এর ১৪ বছর পর একই মাঠে দলটির চেয়ারম্যান হিসেবে তার সন্তান তারেক রহমান বক্তব্য রাখবেন কাল ২৫ জানুয়ারি রোববার। এ উপলক্ষে বেলা ১১টায় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে যোগ দিতে দীর্ঘ ২০ বছর ৭ মাস পর চট্টগ্রাম আসছেন তারেক রহমান। এ সমাবেশে ‘২০ লক্ষাধিক’ লোকের সমাগম ঘটাতে চায় দলটির নেতাকর্মীরা।

জানা গেছে, তারেক রহমান সর্বশেষ চট্টগ্রাম আসেন ২০০৫ সালের ৬ মে। তখন তিনি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। গত ৯ জানুয়ারি তাকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হয়। ফলে দলের প্রধান হিসেবে এবারই প্রথম চট্টগ্রাম আসছেন তিনি। এছাড়া ২০০৫ সালে তার সর্বশেষ চট্টগ্রাম সফরে তিনি সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের জন্য ভোট চেয়ে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন। ওই হিসেবে দীর্ঘ দুই দশক পর চট্টগ্রামে প্রথম বড় কোনো সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। এদিকে দলের প্রধান তারেক রহমানের আগমন ও পলোগ্রাউন্ড মাঠের সমাবেশকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা এবং চাঙ্গা ভাব দেখা যাচ্ছে বিএনপি নেতাকর্মীদের মাঝে। তাদের দাবি, দলীয় কর্মী ছাড়াও সাধারণ লোকজন সমাবেশে অংশ নেবে। সমাবেশ সফল করতে দফায় দফায় প্রস্তুতি সভা করেছে বিএনপি। গঠন করা হয়েছে বিভিন্ন উপ-কমিটিও। এছাড়া নগর ও উপজেলা গুলোতে চালানো হয় সমাবেশের প্রচারণা।

বিএনপি নেতারা বলছেন, তারেক রহমানের আগমনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির প্রচার-প্রচারণায় গতি পাবে। সমাবেশ থেকে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলের প্রার্থীদের বিজয়ী করতে কাজ করার নির্দেশনা দিতে পারেন। বিএনপির আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরে ধানের শীষের জন্য ভোট চাইবেন সাধারণ মানুষের কাছেও। বিএনপি নেতাদের দাবি, সমাবেশে সাধারণ মানুষ আসবেন। কারণ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিনও সাধারণ মানুষ উপস্থিত হয়েছেন রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিটে। একইভাবে চট্টগ্রামেও তাকে দেখার জন্য ছুটে আসবেন সাধারণ লোকজন। দেশকে নিয়ে তার পরিকল্পনা ও বক্তব্য শুনে ‘উজ্জ্বীবিত’ হবেন তারা। নির্বাচনী মাঠে তার সুফল ঘরে তুলবে বিএনপি, এমনটাই আশা দলটির নেতাকর্মীদের।

চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেন, তারেক রহমান ২৪ জানুয়ারি রাতে বিমান যোগে ঢাকা থেকে চট্টগ্রাম আসবেন। ২৫ জানুয়ারি সকাল ১১টায় পলোগ্রাউন্ড মাঠে মহাসমাবেশে উপস্থিত থাকবেন, সমাবেশ ১২টার মধ্যে শেষ করা হবে। সমাবেশে ভাষণ দেওয়ার পর তিনি সড়ক পথে চট্টগ্রাম থেকে ফেনীর উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানে সমাবেশে ভাষণ দিয়ে কুমিল্লা ও নারায়ণগঞ্জে কয়েকটি জনসভায় ভাষণ দিবেন। এরপর রাতে ঢাকায় ফিরবেন।

তিনি বলেন, ২০০৫ সালে সিটি কর্পোরেশনের নির্বাচনে মীর মো. নাছিরের প্রচারণায় অংশ নিতে তারেক রহমান চট্টগ্রাম আসেন। এরপর গত ২০ বছর তিনি চট্টগ্রাম আসেননি। যেহেতু তিনি বিএনপির চেয়ারম্যান হিসেবে অভিষিক্ত হয়েছেন, তাই আমাদের দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীর নৈতিক দায়িত্ব হচ্ছে আমাদের নেতা তারেক রহমানকে চট্টগ্রামে অভ্যর্থনা জানানো।

তিনি বলেন, নির্বাচনী আচরণবিধির বিধিনিষেধ না থাকার কারণে সমাবেশে বক্তব্য রাখতে পারবেন এবং নির্বাচন নিয়ে কথাও বলারও গণতান্ত্রিক অধিকার থাকবে তার। আশা করছি চট্টগ্রামের আপামর জনসাধারণ পলোগ্রাউন্ড মাঠে উপস্থিত থেকে উনার গুরুত্বপূর্ণ ভাষণ এবং নির্বাচন নিয়ে উনি কি দিকনির্দেশনা দিচ্ছেন সেটা শুনার জন্য সকলকে অনুরোধ করছি।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও ভেন্যু প্রধান ডা. শাহাদাত হোসেন বলেন, ‘মহাসমাবেশে ব্যাপক জনস্রোতের বিবেচনায় নিয়ে পলোগ্রাউন্ডের বাইরে কমপক্ষে ১০টি এলইডি স্ক্রিন বসানো হয়েছে। মাইক লাগানো হয় তিনশ। নগরীর গুরুত্বপূর্ণ এলাকা রেডিশন ব্লু’র সামনে, সাত রাস্তার মোড়, কদমতলী মোড়, দস্তগীর চত্বর (কদমতলী), সিআরবি শিরিষতলা, টাইগারপাস মোড়সহ বিভিন্ন স্থানে স্ক্রিন বসানো হয়েছে। মহাসমাবেশে আগত সর্বস্তরের মানুষ এসব স্ক্রিনে সহজে দেখতে পারবেন।

চট্টগ্রাম নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, পলোগ্রাউন্ড মাঠে ২০ লক্ষ লোকের সমাগম হবে। দীর্ঘদিন পর আমাদের চেয়ারম্যান চট্টগ্রাম আসেন। তার এ আগমনকে ঘিরে দলের নেতাকর্মীর বাইরেও সাধারণ মানুষও স্বতঃস্পূর্তভাবে অংশ নেবেন। মানুষের ঢল নামবে পলোগ্রাউন্ডে।

তিনি বলেন, তারেক রহমানের চট্টগ্রাম আগমনের খবরে দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষ উভয়ের মধ্যে বিশেষ উচ্ছ্বাস সৃষ্টি করেছে। তার নেতৃত্বে দলের সংগ্রাম আরও দৃঢ় হবে এবং দেশের চলমান নির্বাচন পরিস্থিতি স্বচ্ছ ও শক্তিশালী হবে।

কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি (চট্টগ্রাম বিভাগ) মুহাম্মদ শাহেদ বলেন, অনেক বছর পর লিডার চট্টগ্রামে আসেন। স্বাভাবিকভাবে সবাই উচ্ছ্বাসিত ও উৎফুল্ল। পলোগ্রাইন্ডের সমাবেশে সর্বোচ্চ উপস্থিত থাকবে যুবদলের। যুবদলের প্রান্তিক পর্যায়ের প্রতিটি কর্মী সমাবেশে অংশ নেবেন। মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলা মিলে যুবদলের লক্ষ লক্ষ কর্মী অংশ নেবেন আশা করি। সমাবেশ উপলক্ষে যুবদল নানা প্রস্তুতি গ্রহণ করেছে।

এদিকে মহাসমাবেশের সার্বিক নিরাপত্তা নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ এর সাথে সাক্ষাৎ করেছেন নগর বিএনপির একটি প্রতিনিধি দল। মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান এর নেতৃত্বে প্রতিনিধি দলের সাথে পুলিশ কমিশনারের সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। পুলিশ কমিশনার মহাসমাবেশে সার্বিক নিরাপত্তা দানের জন্য বিএনপি নেতৃবৃন্দকে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বিএনপির একাধিক সূত্র জানায়, মহাসমাবেশ সফল করতে চট্টগ্রাম মহানগর ছাড়াও জেলার ১৫ উপজেলায়ও ব্যাপক প্রচারণা ও গণসংযোগ করেছে বিএনপি। এছাড়া চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের বিএনপি প্রার্থীরা গত কয়েকদিন ধরে বিরামহীন কর্মকাণ্ড চালিয়েছেন। চট্টগ্রাম নগরীর প্রতিটি ওয়ার্ড ও জেলার সবগুলো উপজেলা থেকে ব্যাপক লোক সমাগম করতে কাজ করেছেন বিএনপি প্রার্থীরা।

উল্লেখ্য, ‘ধর্মীয় ও সামাজিক’ কর্মসূচির অংশ হিসেবে গত ১১ জানুয়ারি উত্তর বঙ্গের নয় জেলায় চারদিনের সফরে যাওয়ার কথা ছিল তারেক রহমানের। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় ধাপে ১৮ জানুয়ারি কক্সবাজার হয়ে চট্টগ্রাম আসার কথা ছিল। ওইদিন চট্টগ্রাম নগরের জমিয়তুল ফালাহ মসজিদে বেগম খালেদা জিয়ার জন্য আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেয়ারও শিডিউল ছিল। পরবর্তীতে নির্বাচন কমিশনের অনুরোধে এ সফর স্থগিত করা হয়।

 

Latest articles

তৃতীয় দিনের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, মঙ্গলবার থেকে ২৪ ঘণ্টা কর্মবিরতির ঘোষণা

নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি অপারেটরের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে শ্রমিক-কর্মচারীদের ডাকা তৃতীয়...

চট্টগ্রাম বন্দর অচলাবস্থা: ক্ষতি নিরূপন দায়ীদের চিহ্নিত করতে তদন্ত কমিটি

ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরের জেটিতে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানোর কাজ বন্ধ থাকার...

আন্দোলনে নেতৃত্ব দেওয়া চটগ্রাম বন্দরের ৪ কর্মচারীকে বদলি

চট্টগ্রাম বন্দরের চার কর্মচারীকে জরুরি ভিত্তিতে ঢাকার পানগাঁও ইনল্যান্ড কনটেইনার টার্মিনালে (আইসিটি) বদলি করা...

কর্মবিরতির দ্বিতীয় দিনেও চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা, সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশিদের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ডাকা কর্মবিরতির...

আরও পড়ুন

তৃতীয় দিনের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, মঙ্গলবার থেকে ২৪ ঘণ্টা কর্মবিরতির ঘোষণা

নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি অপারেটরের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে শ্রমিক-কর্মচারীদের ডাকা তৃতীয়...

চট্টগ্রাম বন্দর অচলাবস্থা: ক্ষতি নিরূপন দায়ীদের চিহ্নিত করতে তদন্ত কমিটি

ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরের জেটিতে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানোর কাজ বন্ধ থাকার...

আন্দোলনে নেতৃত্ব দেওয়া চটগ্রাম বন্দরের ৪ কর্মচারীকে বদলি

চট্টগ্রাম বন্দরের চার কর্মচারীকে জরুরি ভিত্তিতে ঢাকার পানগাঁও ইনল্যান্ড কনটেইনার টার্মিনালে (আইসিটি) বদলি করা...